নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত ইতালি প্রবাসী আব্দুল বাতেনকে ঘটনার ৪ দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ দিকে
অপহরণের ৩ দিন পর মঙ্গলবার ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন অপহৃতের স্ত্রী তানভীন ফাতেমা। মামলা নং-১৯, তারিখ-৩০/১২/২০১৪ইং।
আসামিরা হলো, দেওপাড়া গ্রামের তোফায়েল আহম্মদের পুত্র নাছির বাহিনীর প্রধান নাছির, একই গ্রামের আব্দুল খালেকের পুত্র রতন, আব্দুল মন্নানের পুত্র রুবেল, আশ্রাফ আলীর পুত্র সুমন, মৃত নুরুল ইসলামের পুত্র আশ্রাফ আলীসহ অজ্ঞাত আরো ৪/৫ জন। পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মামলার ৫নং আসামি আশ্রাফ আলীকে গ্রেপ্তার করেছে।
মামলার বাদি ও অপহৃতের স্ত্রী তানভীন ফাতেমা জানান, তার স্বামী বাতেন সম্প্রতি ইতালি থেকে ছুটিতে বাড়ি আসেন। গত রোববার (২৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে দেওপাড়া গ্রামের অপহৃতের নিজ বাড়ির (মোল্লা বাড়ি) সামনে একটি দোকানে আড্ডারত অবস্থায় নাছির বাহিনীর সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে ইতালি প্রবাসী বাতেনকে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এরপর অপহৃতের নিজের মোবাইল থেকে তার পরিবারের কাছে ফোন করে ৬০ লক্ষ টাকা দাবি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানায়, ইতালি প্রবাসি বাতেন অপহরণের ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এঘটনায় পুলিশ ৫নং আসামি আশ্রাফ আলীকে গ্রেপ্তার করেছে। অপহৃতকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।



0Share