নিজস্ব প্রতিনিধি: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় শাহাদত বরণকারীদের স্মরণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট আওয়ামী যুবলীগের উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল ৩টায় ফ্লোরিডা শহরের সিবিক সেন্টারে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন, ফ্লোরিডা স্টেট যুবলীগের সভাপতি দয়ান চৌধুরী। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফ।
ফ্লোরিডা স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফ্লোরিডা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা প্রবীন আওয়ামীলীগ নেতা আমীর আলী চৌধুরী, ফ্লোরিডা আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি এমরান চৌধুরী, সাধারণ সম্পাদক এম রহমান জহির, সহ-সম্পাদক আহসান হাবীব টিপু।
এ ছাড়াও বক্তব্য রাখেন, ফ্লোরিডা স্টেট স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শিবলী চৌধুরী, যুবলীগের সহ-সভাপতি হারুন চৌধুরী, আলী আক্কাস, ফরিদ উদ্দিন, মনিরুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ, তানভীর আহমেদ, গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক অসীম রায়, যুবলীগ নেতা রিংকু চৌধুরী, মোঃ আনোয়ার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম আব্দুল লতিফ বলেন, উপমহাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু মুজিবের মত মহান নেতার পুর্নজন্ম হওয়ার সম্ভাবনা নেই। যে নেতার নেতৃত্বে সাড়ে ৭ কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি বলেন, খুনিরা চেয়েছিল বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সবাইকে হত্যা করে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করে দিবে। কিন্তু আল্লাহর অশেষ কৃপায় সেদিন দেশের বাইরে থাকায় জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নত সমৃদ্ধ একটি দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংসদ আব্দুল লতিফ।
এরআগে দুপুর ২টায় ফ্লোরিডা স্টেট যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশাল গণভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফ্লোরিডার বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন একতারা ফ্লোরিডা যুবলীগ নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর একটি ছবি উপহার দেন এবং আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা দিতে ভবিষ্যতে বঙ্গবন্ধুর উপর প্রামান্য অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করেন।
শোকসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে শাহাদত বরণকারী সকল শহীদ এবং ২১ আগষ্টে শাহাদত বরণকরী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান, লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শাখার সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহম্মদ সোমবার (২২আগষ্ট) সকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।



0Share