কমলনগর প্রতিনিধি || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নে পৈত্রিক ও রেকর্ডীয় সম্পত্তিতে নির্মাণাধীন বসতঘর ভাঙচুর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের ছেলে আলাউদ্দিন সবুজসহ কয়েকজনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গত ১৫ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চর কালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জ বাজারের উত্তরে মেঘনা নদীর তীরবর্তী এলাকায়।
এ ঘটনায় ভুক্তভোগী মোক্তার হোসেন (৬৪) কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চর কালকিনি মৌজার আরএস ৮৫৭ নম্বর খতিয়ানের বিভিন্ন দাগে মোট ৪.৬২ একর জমির মালিক মোক্তার হোসেন ও তার পরিবার। তবে নদীভাঙনের কারণে বর্তমানে তাদের প্রায় ১.২০ একর জমি অবশিষ্ট রয়েছে। ওই জমিতে একটি টিনের বসতঘর নির্মাণ করলে শুরু থেকেই বিবাদীরা বাধা দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার রাতে আলাউদ্দিন সবুজ, জাহাঙ্গীর মাঝি, শাহজাহান মাঝি ও ছিদ্দিক মাঝিসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা নির্মাণাধীন টিনের ঘরটি ভাঙচুর করে গুঁড়িয়ে দেয় এবং জমি দখলের চেষ্টা চালায়।
ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা এলাকায় ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
তবে অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন সবুজ বলেন, “ওই জমি আমার ক্রয়কৃত। তারা জোরপূর্বক সেখানে ঘর নির্মাণ করেছে। কে বা কারা ঘর ভাঙচুর করেছে, তা আমার জানা নেই।”
এ বিষয়ে হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে ডাকা হয়েছে। জমির কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



0Share