লক্ষ্মীপুরে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. মিছবাহ উদ্দিন বুধবার লক্ষ্মীপুরে সম্ভাব্য স্থান ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
তিনি প্রস্তাবিত মেডিকেল কলেজের জন্য তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের অভিরখিল গ্রামে অবস্থিত স্থান পরিদর্শন করেন। মেডিকেল কলেজ স্থাপনের এ জন্য এ এলাকাসহ একাধিক স্থানে ২০ একর জমি অধিগ্রহণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের অবকাঠামো ও সেবার মান দেখেন তিনি। প্রস্তাবিত জমি পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকার ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ-সুবিধা মূল্যায়ন করেন।
এ সময় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাবনা, প্রয়োজনীয় জমি, হাসপাতালের সক্ষমতা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন, লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. হাছান শাহীন, সহকারী অধ্যাপক ডা. ইকবাল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাথউ মারমা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়দের দাবিরে প্রেক্ষিতে গত ২ এপ্রিল তারিখে জাতীয় সংসদে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য দাবি জানান।
জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরসহ দেশের আট জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য বর্তমানে সম্ভাব্যতা যাচাই চলছে ।
এদিকে দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন জেলার মানুষ।



0Share