নিজস্ব প্রতিনিধি: নয়নপুর গ্রামকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন-এর নয়নপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত এক জনসমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলাম মোল্লা এবং সঞ্চালনা করেন স্কলার্স স্কুলের শিক্ষক আজাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল জলিল। প্রধান বক্তা ছিলেন রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সত্তার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সম্রাট, নয়নপুর কেন্দ্রীয় ঈদগাহ কার্যকরী কমিটির সভাপতি সফিকুল ইসলাম বাবু, নয়নপুর সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মনজুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেন তারেক, ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সোলায়মান, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মনির এবং স্কলার্স স্কুলের প্রতিষ্ঠাতা রফিক উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে সাধারণ মানুষ উন্মুক্তভাবে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ভুক্তভোগীদের অভিযোগে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, চুরি এবং গভীর রাতে নারীদের হয়রানিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় উঠে আসে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টদের নামও উল্লেখ করা হয়।
বক্তারা বলেন, নয়নপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। উপস্থিত জনতা সর্বসম্মতিক্রমে ঘোষণা দেন—আজ থেকে নয়নপুরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না; অপরাধে জড়িতদের সামাজিকভাবে প্রতিহত করা হবে।
সমাবেশ শেষে গ্রামের সকল প্রকার অন্যায়-অপকর্মের বিরুদ্ধে গণ-স্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা হয়। সংগৃহীত গণ-স্বাক্ষর ও দাবিসমূহ শিগগিরই রামগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলে আয়োজকরা জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, সম্মিলিত এই উদ্যোগ নয়নপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আদর্শ গ্রামে পরিণত করবে।



1Share