রাকিব মুসাব্বির: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে মেঘনা নদীর তীব্র স্রোত ও ভাঙনে নোয়াখালীগামী গুরুত্বপূর্ণ একটি সড়কের অংশ ধসে পড়েছে। এতে সড়কটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং এলাকায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর চরগাজী ইউনিয়নের মোহাম্মদপুর তেগাছিয়া বাজারের পূর্ব পাশে কালভার্টসংলগ্ন এলাকায় মেঘনার অতিরিক্ত পানির স্রোতে সড়কের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নোয়াখালীগামী এই গুরুত্বপূর্ণ সড়ক।
প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। এছাড়া এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ টাংকি ঘাট মাছঘাটে যাতায়াতের প্রধান পথও এটি। সড়কের একাংশ ধসে পড়ায় বর্তমানে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে মাছ ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার এবং নদীভাঙন রোধে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় পুরো সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
এলাকাবাসী জনদুর্ভোগ ও সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।



0Share