জুনায়েদ আহম্মেদ: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুন্দর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নিলুফা ইয়াসমিন নিপা সভাপতিত্ব করেন।
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা ও নজরদারি জোরদারে সিসি ক্যামেরা সচল রাখা এবং বিশৃঙ্খলা রোধে নিজস্ব শৃঙ্খলা রক্ষা কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও প্রশাসনের প্রতিনিধিরা পূজায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে একটি উৎসবমুখর পরিবেশ তৈরিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশের সদস্য ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক জুনায়েদ আহম্মেদ, শাহাদাত হোসেন ফাহিম ও মোঃ শাকিব উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



0Share