লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে দুই মাসব্যাপী ডিজিটাল মার্কেটিং নিয়ে এ প্রশিক্ষণ দেওয়া হবে। এতে ৩০০ তরুণ-তরুণী অংশগ্রহণ করেছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় নতুন কোর্সে অংশগ্রহণকারী ২৫০ জনকে স্বাগত ও প্রথম কোর্সের ৫০ জনের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
উপজেলা আইসিটি অফিসার শুভ্রজিত রায়ের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।
প্রধান অতিথি এস এম মেহেদী হাসান বলেন, প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে প্রশিক্ষিতরা নিজেদের কর্মসংস্থান তৈরি করবে। পাশাপাশি প্রশিক্ষিত এ তরুণ-তরুণীরা অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। এতে বেকারত্ব দূর হবে। সমাজের আর্থ সামাজিক উন্নয়ন হবে।



0Share