লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার রাতে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র সহকারী পরিচালক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সার্বিক নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় ৪ জন জেলেকে নৌকা ও জালসহ আটক করা হয়। এ সময় প্রায় ৭০ হাজার মিটার অবৈধ জাল এবং প্রায় ১০ কেজি মাছ জব্দ করা হয়।
আটক ৪ জন জেলেকে মোবাইল কোর্টের আওতায় এনে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন প্রত্যেককে দুই হাজার টাকা করে সর্বমোট আট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত নৌকাটি জিম্মায় রাখা হয়, মাছগুলো স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা প্রতিপালন এবং অবৈধ মৎস্য আহরণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।



0Share