নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার ( ২১ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কমলনগর উপজেলা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, হাজী হাসেম স্টোর, আমিন ভ্যারাইটিজ, বেবী শপ, মেঘনা শপিং কমপ্লেক্স, জনতা টেইলার্স এন্ড ক্লথ স্টোর এবং দুটি স্বর্ণকার দোকান। এসব দোকানের অন্তত দুই কোটি টাকার মালামাল পুড়ছে বলে জানিয়েছে, কমলনগর ফায়ার সার্ভিস।
আগুন থেকে রক্ষা পেতে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল বের করলে এসময় অনেক মালামাল চুরি হয়। ফলোয়ান ট্রেডার্সের মালিক আলা উদ্দিন জানান, তার ঔষধ দোকানের মালামাল বের করলে অন্তত সাড়ে পাঁচ লাখ টাকার ঔষধ চুরি হয়েছে।
কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রাকিবুল আহসান জানায়, খবর পেয়ে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময়ের মধ্যে ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।



0Share