সব কিছু
লক্ষ্মীপুর , ,
বাল্যবিবাহ ও স্বাস্থ্য ঝুঁকিতে যাযাবর কিশোরীরা, বদলায়নি জীবনযাত্রা, প্রয়োজন পুনর্বাসন - Lakshmipur24

বাল্যবিবাহ ও স্বাস্থ্য ঝুঁকিতে যাযাবর কিশোরীরা, বদলায়নি জীবনযাত্রা, প্রয়োজন পুনর্বাসন

বাল্যবিবাহ ও স্বাস্থ্য ঝুঁকিতে যাযাবর কিশোরীরা, বদলায়নি জীবনযাত্রা, প্রয়োজন পুনর্বাসন

যে বয়সে একটি শিশুর হাতে বই-খাতা থাকার কথা, খেলাধুলা আর দুরন্তপনায় সময় কাটানোর কথা,লক্ষ্মীপুরের যাযাবর পল্লীগুলোর শিশুরা সেই শৈশব থেকেই এগুলো থেকে বঞ্চিত। শিক্ষার আলো না পৌঁছানোয় এসব শিশুর জীবন থমকে যাচ্ছে অপ্রাপ্তবয়সেই, বাড়ছে বাল্যবিবাহ। এ সম্প্রদায়ের কারও মৃত্যু ঘটলে তাকে কবর দেওয়ার স্থান নির্ধারণ নিয়েও চরম হিমশিম খেতে হয় স্বজনদের। স্থায়ী ঠিকানা ও নিজস্ব ভূমি না থাকায় মৃত্যুর পরও যেন ঠাঁই মেলে না এই ছিন্নমূল মানুষগুলোর।

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ, জকসিন বাজার এলাকা, চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলার অধিকাংশ আঞ্চলিক সড়কের পাশে অনাবাদি জমি, খালপাড় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে পলিথিন মোড়ানো ছোট ছোট অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবনযাপন করছেন যাযাবর (বেদে) সম্প্রদায়ের মানুষ। আধুনিক যুগে এসেও অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে তারা পুরোপুরি বঞ্চিত। স্থায়ী ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র না থাকায় যেমন সরকারি কোনো সুযোগ-সুবিধা মিলছে না, তেমনি শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে তাদের শিশুরা। এর ফলে এই সম্প্রদায়ে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ এবং ঝরে পড়ছে নতুন প্রজন্ম।

সরেজমিনে দেখা যায়, জীবিকার তাগিদে যাযাবরদের জীবনযুদ্ধ শুরু হয় খুব ভোরে। বর্ষা মৌসুমে ছোট ছোট সাজানো নৌকায় নদীর পাড়ে এবং শুষ্ক মৌসুমে সড়কের পাশের পতিত জমিতে এরা ক্ষণস্থায়ীভাবে বসবাস করেন। এই সম্প্রদায়ের পরিবারগুলোতে নারীরাই তুলনামূলক বেশি পরিশ্রমী ও উপার্জনক্ষম। ভোর হলেই নারীরা মনোহরী দ্রব্য ও সাপের ঝাঁপি নিয়ে গ্রামাঞ্চলে বেরিয়ে পড়েন। তারা গ্রামে ঘুরে শিঙ্গা লাগানো, দাঁতের পোকা ফেলা, সাপের বিষ নামানো এবং বাসনকোসনসহ হরেক রকমের সামগ্রী ফেরি করে বিক্রি করেন। এ সময় পুরুষরা তাঁবু পাহারা ও ছোট শিশুদের দেখাশোনা করে সময় পার করেন।

দুপুরে নারীরা তাঁবুতে ফিরে খোলা আকাশের নিচে রোদ ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মাটির চুলোয় রান্নার কাজ সারেন। আর বিকেল থেকে রাত পর্যন্ত পুরুষ বেদেরা স্থানীয় বাজারগুলোতে তাবিজ-কবজ বিক্রি করেন। সারাদিনের হাড়ভাঙা খাটুনিতে নারী ও পুরুষ মিলে গড়ে ১৫০ থেকে ২০০ টাকা রোজগার করেন, যা দিয়ে বর্তমান নিত্যপণ্যের বাজারে পরিবার চালানো অত্যন্ত কঠিন বলে জানান এসব পল্রীর বাসিন্দারা।

অস্থায়ী বসতি হওয়ায় বিশুদ্ধ খাবার পানি, পয়ঃনিষ্কাশন ও প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও চরম সংকটে রয়েছে এই জনগোষ্ঠী। অসুস্থ হলে অনেক সময় স্থানীয়ভাবে প্রচলিত টোটকা বা কবিরাজির ওপর নির্ভর করতে হয়, যা শিশু ও প্রসূতি মায়েদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে। এর মধ্যে বয়ঃসন্ধিকালের মেয়েদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার সংকট আরও প্রকট। প্রয়োজনীয় জ্ঞান ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থার অভাবে অপরিচ্ছন্নতা থেকে বয়ঃসন্ধিকালের মেয়েদের নানা সংক্রামক রোগ দেখা দিচ্ছে, পাশাপাশি তারা ভুগছে অপুষ্টিতে। তার ওপর অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ায় এসব কিশোরীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি মাতৃত্বকালীন নানা জটিলতায় মৃত্যুঝুঁকিও তৈরি হচ্ছে। কারও মৃত্যু হলে দাফনের জায়গা খুঁজে পেতেও পড়তে হয় বিড়ম্বনায়।

ভবানীগঞ্জ ইউনিয়নের সুঁটকির সাঁকো এলাকার যাযাবর পল্লীর বাসিন্দা উসমান শেখ জানান, বাপ-দাদার আমল থেকে কুমিল্লার দাউদকান্দিতে সড়কের পাশে একটি যাযাবর পল্লীতে তাদের বসবাস ছিল। প্রায় দশ বছর আগে পল্লীর তেরো বছর বয়সী আমেনা নামের এক কিশোরীকে বিয়ে করে তিনি লক্ষ্মীপুরে চলে আসেন। গত এক দশকে তিনি লক্ষ্মীপুরের ১০ থেকে ১২টি স্থানে তাঁবু গেড়েছেন। বর্তমানে মূল পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। উসমান শেখ আক্ষেপ করে বলেন, তার দুটি সন্তান রয়েছে। কিন্তু স্থায়ী ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র না থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করাতে পারছেন না।

একই পল্লীর বাসিন্দা রেশমা খাতুন জানান, স্বামী ও সন্তানদের নিয়ে পলিথিনের জীর্ণ তাঁবুতে অত্যন্ত কষ্টে দিন কাটছে তাদের। যেখানে দুমুঠো ভাত জোগাড় করাই দায়, সেখানে সন্তানদের লেখাপড়া করানোর চিন্তা করা তাদের কাছে নিছক স্বপ্নের মতো।

অস্থায়ী এসব বসতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ভাবনা লক্ষ্য করা গেছে। ভবানীগঞ্জ এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে বা খালপাড়ে তাঁবু গেড়ে বসবাস করলেও অনেক সময় তাদের যাতায়াত বা পরিবেশ নিয়ে কেউ কেউ সন্দিহান থাকেন। তবে অনেকের মতে, যাযাবররা কোনো অপরাধের সঙ্গে জড়িত নয় বরং নিজেদের জীবিকা নিয়েই ব্যস্ত থাকে। স্থানীয়দের ভাষ্য, স্থায়ী ঠিকানা না থাকায় এদের ওপর নজরদারি বা সামাজিক সম্পৃক্ততা গড়ে ওঠেনি; ফলে কেউ বিপথগামী হলে সেটি সমাজের জন্যও উদ্বেগের কারণ হতে পারে। তাদের প্রতি মানবিক আচরণ ও স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে তারাও সমাজের মূলধারায় যুক্ত হতে পারবে বলে মনে করেন স্থানীয়রা।

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হাওলাদার বলেন, যাযাবর সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও সামাজিক সুরক্ষার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। স্থায়ী ঠিকানা ও পরিচয়পত্রসংক্রান্ত জটিলতা থাকলেও প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সমন্বিত উদ্যোগ ও প্রয়োজনীয় সহায়তা কীভাবে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সচেতন মহলের মতে, যাযাবর শিশুদের শিক্ষায় ফেরাতে ভ্রাম্যমাণ স্কুল বা বিশেষ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সহজীকরণ জরুরি। একই সঙ্গে কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা, বাল্যবিবাহ রোধ, স্থায়ী আবাসন, দাফন বা সৎকারের মতো মানবিক বিষয়ে সমাধান এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনলে এই জনগোষ্ঠীর জীবনমান বদলানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা আরও সংবাদ

প্রতিকূলতা জয় করে “পোষাক ঘর’’ এ ময়নার এগিয়ে চলা

বাল্যবিবাহ ও স্বাস্থ্য ঝুঁকিতে যাযাবর কিশোরীরা, বদলায়নি জীবনযাত্রা, প্রয়োজন পুনর্বাসন

১১তম ইউপি নির্বাচন: ৪ ধাপে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরের ৬ উপজেলার ৪৯টি ইউনিয়নের নির্বাচন

রামগতিতে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৪ জেলেকে জরিমানা

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম শুরু

লক্ষ্মীপুরের ৬ষ্ঠ উপজেলা হলো ‘‘চন্দ্রগঞ্জ”

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com