ইংরেজিতে স্নাতক শেষ করেও প্রচলিত গণ্ডিতে আটকে থাকেননি লক্ষ্মীপুরের ফাতেহা বেগম ময়না। শিক্ষকতার পাশাপাশি নিজের ভেতরের সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শহরের শিল্পী কলোনী মোড়ে গড়ে তুলেছেন লেডিস টেইলার্স ও বুটিকস হাউজ পোষাক ঘর। নানা সামাজিক প্রতিবন্ধকতা ও কাঁচামালের সংকট পেরিয়ে নিজস্ব শৈলী ও পরিশ্রমে ছোট পরিসরে হলেও একটি স্বাবলম্বী উদ্যোগ দাঁড় করিয়েছেন তিনি।
লক্ষ্মীপুরে জন্ম হলেও ময়নার বেড়ে ওঠা ও পড়াশোখার বড় অংশ কেটেছে চট্টগ্রামে। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে সম্মান ডিগ্রি অর্জনের পাশাপাশি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ফ্যাশন টেকনোলজি থেকে ডিপ্লোমা কোর্স করেন তিনি। এর বাইরে কম্পিউটার অফিস প্রোগ্রামসহ মোম ও চানাচুর তৈরির মতো হাতে-কলমে নানা প্রশিক্ষণও নেন তিনি। শুরু থেকেই তাঁর ভাবনায় ছিল গতানুগতিক কাজের বাইরে ব্যতিক্রমী কিছু করার।
২০১৫ সালে বিয়ের পর পরিবারসহ চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ময়না। লক্ষ্মীপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা শুরু করলেও উদ্যোক্তা হওয়ার তাড়না তাঁকে স্থির থাকতে দেয়নি। একসময় আড়ংয়ে কাজের অভিজ্ঞতা থেকে ক্রেতার রুচি, বাজারের চাহিদা এবং পোশাকের মান নিয়ে যে বাস্তব ধারণা তৈরি হয়েছিল, সেটিই তাঁকে নতুন প্রতিষ্ঠান গড়ার সাহস জোগায়। শহরের পুরাতন পৌরসভা রোড সংলগ্ন শিল্পী কলোনী মোড়ে শুরু করেন পোষাক ঘর।
উদ্যোগের শুরুতে আর্থিক ও মানসিক উভয় দিক থেকেই পরিবারের সমর্থন পান ময়না। তাঁর স্বামী রাজু আহম্মেদ, দুই বোন ও তাঁদের স্বামীরা এবং লাইবেরিয়াপ্রবাসী ভাই মূলধন জুগিয়ে পাশে দাঁড়ান। বড় বোন মমতাজ বেগম লক্ষ্মীপুর পৌরসভায় চাকুরি করেন এবং মেজ বোন রাবেয়া সুলতানা কমলনগর রেজিস্ট্রি অফিসের নকলনবীশ হিসেবে কর্মরত থাকলেও সন্ধ্যায় তাঁরা সময় দেন পোষাক ঘর এ।
একজন বুটিকের কাজে এবং অন্যজন অ্যামব্রয়ডারি ও পাঞ্জাবির গলার নকশায় ময়নাকে সহযোগিতা করেন। নারী কর্মীদের সম্পৃক্ততাকে বিশেষ গুরুত্ব দেন ময়না। তাঁর প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারী নারী ফ্যাশন ডিজাইনারের তত্ত্বাবধানে পোশাকের নকশা ও তৈরির কাজ হয় এবং পুরো ব্যবস্থাপনাটিই নারীকেন্দ্রিক।
শুরুতে চারজন কর্মী নিয়ে চলা এই উদ্যোগ থেকে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয়ের পাশাপাশি স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অবসর সময়ে কাজ শিখে আয় করার সুযোগ তৈরির স্বপ্ন দেখেন তিনি। দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে রঙ ও নকশার সমন্বয়ে ক্রেতার ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত পোশাক পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
তবে মফস্বল শহরে একটি বুটিক ও ফ্যাশন উদ্যোগ চালাতে গিয়ে বাস্তব কিছু সংকটের মুখোমুখি হতে হয় ময়নাকে। পোশাক তৈরির প্রয়োজনীয় ডাইস লক্ষ্মীপুরে সহজলভ্য নয়, আর বুটিকের বিশেষ উপকরণ ঢাকা থেকে আনতে গিয়ে যাতায়াত খরচ বেড়ে যায়। এতে ব্যবসার খরচ ও লাভের হিসাব মেলানো কঠিন হয়ে পড়ে।ব্যবসায়িক চ্যালেঞ্জের পাশাপাশি সামাজিক মনোভাবও মাঝেমধ্যে সামনে আসে।
উদ্যোক্তা ময়না জানান, কেন ব্যবসা করছেন বা বাড়তি আয়ের প্রয়োজন কী এমন নানা প্রশ্ন ও কটূক্তি শুনতে হয় নারী উদ্যোক্তাদের। তবে এসব কথায় দমে না গিয়ে নিজের কাজ ও আত্মবিশ্বাস ধরে রাখাই এগিয়ে যাওয়ার মূল শক্তি বলে মনে করেন তিনি।
নতুন নারী উদ্যোক্তাদের উদ্দেশে ময়নার পরামর্শ হলো পরিবার ও কর্মক্ষেত্রের মধ্যে ভারসাম্য রেখে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে। সামাজিক সংস্কার বা মানুষের নেতিবাচক মন্তব্যকে ভয় না পেয়ে পরিশ্রম ও স্বকীয়তা বজায় রাখলে যেকোনো নারীই নিজের অবস্থান তৈরি করতে পারেন।



0Share