লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ তিনটি সংযোগ সড়ক দীর্ঘ দুই যুগেও সংস্কার করা হয়নি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কগুলোর পিচ ও পলেস্তারা উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। রাস্তার দুপাশে আগাছা ও জঙ্গল জন্মে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, প্রথম দেখায় যে কেউ এগুলোকে পাকা সড়কের বদলে পরিত্যক্ত মাটির রাস্তা মনে করে বিভ্রান্ত হন। সড়কগুলোর বেহাল দশার কারণে অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের প্রতিনিয়ত চরম কষ্টে চলাচল করতে হচ্ছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এতে করে পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ আশপাশের কয়েক গ্রামের লাখো মানুষ।
সরেজমিনে দেখা যায়, অবহেলিত সড়ক তিনটি হলো— এডভোকেট নুরুল ইসলাম কিন্ডারগার্টেন স্কুল সড়ক (০.৯১০ কি.মি.), বশিকপুর বাজার থেকে সিন্দুরপুর সড়ক (২.৯০০ কি.মি.) এবং বশিকপুর বাজার থেকে আবুল কালাম এমপি সড়ক (০.৫৪০ কি.মি.)। সড়ক তিনটির অধিকাংশ স্থানেই কার্পেটিংয়ের কোনো চিহ্ন অবশিষ্ট নেই।
স্থানীয়রা জানান, এডভোকেট নুরুল ইসলাম কিন্ডারগার্টেন স্কুল সড়কটি দিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের মন্দিরে যাতায়াত করেন এবং বেশ কয়েকটি বাড়ির বাসিন্দা ও তাদের সন্তানরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারে চলাফেরা করেন। ২.৯০০ কি.মি. দীর্ঘ সিন্দুরপুর সড়কটি বশিকপুর থেকে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সোমপাড়া বাজারে আসা-যাওয়ার অন্যতম সহজতম পথ। কিন্তু দীর্ঘদিন ধরে এটি সংস্কার না হওয়ায় স্থানীয়দের বহুদূর ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে, যা সময় ও অর্থ উভয়ই নষ্ট করছে। এছাড়া ০.৫৪০ কি.মি. দীর্ঘ মরহুম সাবেক সংসদ সদস্য মো: আবুল কালাম এমপি সড়ক দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা নিয়মিত চলাচল করেন। মূলত এই তিনটি সড়কই বশিকপুর বাজারে আসার এবং কয়েক গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। বশিকপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের জন্য এ তিনটি পথই ব্যবহার করে থাকে।
স্থানীয় এজেন্ট ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংকের শাখা পরিচালক মো: শাহ আলম বলেন, “বশিকপুর বাজারের অর্থনৈতিক কর্মকাণ্ড ও কয়েক গ্রামের মানুষের দৈনন্দিন চলাচলের অন্যতম প্রধান মাধ্যম এই তিনটি সড়ক। রাস্তাগুলোর পলেস্তারা উঠে গিয়ে এমন বেহাল দশা হয়েছে যে, গ্রাহক ও ব্যবসায়ীদের বাজারে আসা-যাওয়া এবং আর্থিক লেনদেনসহ সার্বিক কার্যক্রমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।”
স্থানীয় গাছ ব্যবসায়ী নুর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার যে অবস্থা, তাতে কোনো মালবাহী গাড়ি বা ট্রাক এই পথে ঢুকতে চায় না। পিচ উঠে গিয়ে পুরো রাস্তা এখন মাটির রাস্তায় পরিণত হয়েছে। কাঠ বা গাছসহ যেকোনো পণ্য পরিবহন করতে গিয়ে আমাদের দ্বিগুণ ভাড়া ও অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে, অনেক সময় গাড়ি উল্টে দুর্ঘটনাও ঘটছে।”
কার চালক রিমন হোসেন বলেন, “এই তিনটি রাস্তায় গাড়ি চালানো মানে জীবন হাতে নিয়ে চলা। বড় বড় গর্তের কারণে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায়। রোগী বা জরুরি যাত্রী নিয়ে যাতায়াত করা এখন রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে।”
বশিকপুর বাজারের মুদি ব্যবসায়ী মোহাম্মদ উল্যাহ ও টুটুল বলেন, “সড়কগুলোর বেহাল দশার কারণে পণ্য পরিবহন ভাড়া অনেক বেড়ে গেছে, যার প্রভাব পড়ছে নিত্যপণ্যের দামে। তাছাড়া আশপাশের গ্রামের ক্রেতারাও কষ্ট করে বাজারে আসতে চান না। এতে আমাদের ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের মন্দা নেমে এসেছে।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং মোটরসাইকেল চালক মেহেদী হাসান জানান, পলেস্তারা উঠে যাওয়ায় খানাখন্দে ভরা এই সড়কগুলোতে অটোরিকশা ও মোটরসাইকেল চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায়ই গর্তে পড়ে যানবাহন উল্টে চালক ও যাত্রীরা আহত হচ্ছেন। আর সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে হাঁটুসমান পানি জমে কাদায় একাকার হয়ে যায়। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে বারবার ধরনা দিয়েও কোনো কাজ হয়নি।
সাবেক ইউপি সদস্য কবির হোসেন বলেন, “চারদলীয় জোট সরকারের আমলে বিএনপি নেতা তাজুল ইসলাম সড়কগুলো নির্মাণ করেছিলেন। কিন্তু বিগত সরকার রাজনৈতিক প্রতিহিংসাবশত গ্রামীণ অবকাঠামোর এই গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আর সংস্কার করেনি।”
বশিকপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রুহুল আমিন বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র এই তিনটি সড়কেরই বর্তমানে বেহাল দশা। বর্ষাকালে খানাখন্দে পানি জমে চরম কষ্ট হয়, আর শীতকালে ধুলাবালি ও পলেস্তারা উঠে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।”
এ বিষয়ে সদর উপজেলা প্রকৌশলী কাজী ইকবাল হোসেন জানান, চন্দ্রগঞ্জ উপজেলা ইতিমধ্যে বিভক্ত হয়ে গেছে। তবে এখন পর্যন্ত এই তিনটি রাস্তার সংস্কারের জন্য কখনো কোনো বরাদ্দের আবেদন পাঠানোর কোন তথ্য পাননি তিনি।
বশিকপুর ও সোমপাড়া বাজারের সাথে সহজ যোগাযোগ পুনঃস্থাপন, পণ্য পরিবহন ব্যয় কমানো এবং কয়েক গ্রামের মানুষের জনদুর্ভোগ লাঘবে অতি দ্রুত সড়ক তিনটি সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।



0Share