লক্ষ্মীপুরের রামগতিতে প্রশিক্ষণার্থীদের খাবারের পরিবর্তে নাশতা দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ:দা:) মোঃ জাহিদুল আলমের বিরুদ্ধে। ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে মাঠপর্যায়ের কর্মকর্তা, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণে খাবার না দিয়ে টাকা আত্মসাৎ করছেন বলে জানিয়েছেন প্রশিক্ষণার্থীরা।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন প্রশিক্ষণার্থীরা। তবে কর্মকর্তার দাবি, বরাদ্দ টাকার ভ্যাট কর্তনের পরে সমুদয় টাকা প্রশিক্ষণার্থীদের জন্য খরচ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ডিজিটাল পদ্ধতিতে ট্যাব ব্যবহার করে প্রতিটি খানার (পরিবারের) সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করা এবং মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করা। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ২ ব্যাচে ৫টি ইউনিয়নের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের আয়োজন করা হয় গত ৯ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী ওই প্রশিক্ষণ শুরু করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
প্রশিক্ষণার্থীরা জানান, সকাল ১০ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চর আবদুল্যাহ ও চর পোড়াগাছা ইউনিয়ন এবং বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চর রমিজ, বড়খেরী ও চরগাজী ইউনিয়নের প্রশিক্ষণ কর্মসূচি চলে। এর মধ্যে সমাজসেবা কার্যালয় প্রত্যেককে একটি কলা, একটি সিদ্ধ ডিম, একটি শিঙারা এবং আধা লিটার পানির বোতল দেওয়া হয়। কিন্তু তারা ১ম দিনে প্রশিক্ষণ শেষে জানতে পারেন সবার জন্য দুইবার মোট ৮০টাকার নাস্তা, দুপুরে খাবারের জন্য ৪০০ টাকা করে বরাদ্দ আছে। সমাজসেবা কর্মকর্তা দুপুরের খাবার না দিয়ে ৪৫-৫০ টাকার নাশতা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করছেন। এছাড়াও কলম, নোট বুক, ফোল্ডারসহ প্রশিক্ষণ উপকরণ বাবদ ৩৫০ টাকা বরাদ্দ থাকলেও তারা পেয়েছে মাত্র একটি করে কলম। অনুষ্ঠান স্থলে ব্যানার বাবদ ১ হাজার ৫০০ টাকা বরাদ্দ থাকলেও ছিল না ব্যানারও।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক তথ্য সংগ্রহকারী জানান, সম্প্রতি চর বাদাম ও পৌরসভার দুই দিনব্যাপী ২০জনের প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণ চলাকালে আমরা শুধুমাত্র ১২০-১৫০ টাকার দুপুরের খাবার পেয়েছিলাম, এবং প্রশিক্ষণ উপকরণ বাবদ ৩৫০ টাকা বরাদ্দ থাকলেও আমরা পেয়েছি একটি কলম ও ফোল্ডার। প্রশিক্ষার্থীদের যাতায়াত খরচ ১ হাজার টাকা (২ দিনে) বরাদ্দ থাকলেও দিয়েছে মাত্র ৭০০ টাকা করে। প্রশিক্ষনার্থীদের জন্য বরাদ্দকৃত উপকরণ, নাস্তা ও দুপুরের খাবারের টাকা কর্মকর্তার পকেটে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ:দা:) মোঃ জাহিদুল আলমের টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রশিক্ষণার্থীদের জন প্রতি বরাদ্দকৃত টাকা থেকে ভ্যাট কর্তনের পরে বাকি টাকা খরচ করা হচ্ছে।
এ বিষয়ে রামগতির ইউএনও শেখ এহসান উদ্দীন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



0Share