মোখলেছুর রহমান ধনু : সরকারি অর্থে পুনর্খননের মাত্র কয়েক মাস যেতে না যেতেই কাটাখালী খালের মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুলুয়া নদীর মোহনায় বাঁধ দিয়ে পানি নিষ্কাশন বন্ধ করে দেওয়ায় সামান্য বৃষ্টিতেই চরম জলাবদ্ধতা ও জনজীবন স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয় হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ইসলামগঞ্জ সুইজগেট থেকে ভুলুয়া নদী পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ কাটাখালী খালটি দীর্ঘদিন অবহেলায় ভরাট ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি লাখ লাখ টাকা ব্যয়ে খালটি পুনর্খনন করা হয়।
কিন্তু খালের শেষ প্রান্তে ভুলুয়া নদীর সঙ্গে সংযোগস্থলে প্রভাবশালী কয়েকজন ব্যক্তি এটিকে নিজেদের ‘পৈত্রিক ও রেকর্ডীয় সম্পত্তি’ দাবি করে বাঁধ দিয়ে পানি প্রবাহ আটকে দিয়েছেন।
অভিযুক্তদের একজন নুরুল আমিন দাবি করেন, ২০১৬ সালে জমিটি কেনার সুবাদে রেকর্ডীয় সম্পত্তি হওয়ায় তারা সেখানে বাঁধ দিয়েছেন।
অন্যদিকে প্রকল্প বাস্তবায়ন কমিটির তদারককারী ছিদ্দিক উল্লাহ জানান, স্থানীয় বাধার কারণে খালের সংযোগস্থলের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কমলনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস জানান, সীমানা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে,দ্রুত সার্ভেয়ার পাঠিয়ে সীমানা নির্ধারণ করে বাকি অংশ খনন করা হবে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনসাধারণের দুর্ভোগ লাঘবে খালের স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখতে অবিলম্বে অবৈধ বাধা অপসারণ ও দ্রুত সম্পূর্ণ খননকাজ শেষ করার দাবি জানিয়েছেন



0Share