সব কিছু
লক্ষ্মীপুর , ,
৮শ একর খাসজমিতে লক্ষ্মীপুর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব, শিল্পায়নের সম্ভাবনা

৮শ একর খাসজমিতে লক্ষ্মীপুর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব, শিল্পায়নের সম্ভাবনা

৮শ একর খাসজমিতে লক্ষ্মীপুর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব, শিল্পায়নের সম্ভাবনা

সানা উল্লাহ সানু: দীর্ঘদিনের দাবি ও একাধিক উদ্যোগের পর অবশেষে লক্ষ্মীপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্যতা নতুন করে আলোচনায় এসেছে। জেলার সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বুড়িরঘাট এলাকার মেঘনা নদীর তীরবর্তী প্রায় ৮০০ একর জমিতে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছে ইনভেস্ট বাংলাদেশ ও জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রতিনিধিদল।

সম্প্রতি ইনভেস্ট বাংলাদেশের সদস্য ও অতিরিক্ত সচিব সালেহ আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি সম্ভাব্য স্থান পরিদর্শন করে। এ সময় জাইকার প্রতিনিধিদের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়, জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও ভূমি প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রস্তাবিত এলাকার ভৌগোলিক অবস্থান, জমির প্রকৃতি, যোগাযোগব্যবস্থা, নদীপথের সুবিধা এবং শিল্পাঞ্চল গড়ে তোলার সম্ভাব্যতা পর্যবেক্ষণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত হলে এটি লক্ষ্মীপুরের শিল্পায়নের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে বলে মনে করছেন স্থাণীয়রা।

নদী ও সড়কপথের সংযোগ বড় সুবিধা

প্রতিনিধি দলের সদস্য ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা প্রকৌশলী নাহিদুজ্জামান জানান, প্রস্তাবিত স্থানটির পশ্চিমে রয়েছে মেঘনা নদী। উত্তরে মজুচৌধুরীরহাট, যেখানে নদীবন্দর উন্নয়নের পরিকল্পনা রয়েছে। দক্ষিণে কমলনগরের মতিরহাট লঞ্চঘাট এবং দক্ষিণ দিকে নতুন বেড়িবাঁধ হয়ে আলেকজান্ডার মেঘনাঘাট । সংশ্লিষ্টদের মতে, এই ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক অঞ্চলটির অন্যতম বড় সুবিধা হতে পারে।

প্রাথমিকভাবে চিহ্নিত করা প্রায় ৮০০ একর জমির বড় অংশই সরকারি খাসজমি । এ কর্মকর্তা আরো জানান, নদীর কাছাকাছি অবস্থানের কারণে শিল্পকারখানার কাঁচামাল আনা এবং উৎপাদিত পণ্য পরিবহনে জলপথ ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।

এ ছাড়া শিল্পের মালামাল আনা নেয়ার জন্য লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়ক, তোরাবগঞ্জ-মতিরহাট সড়ক এবং মতিরহাট থেকে আলেকজান্ডার পর্যন্ত বেড়িবাঁধ-মেরিন ড্রাইভ সড়কের মাধ্যমে সড়ক যোগাযোগের ব্যাপক সুযোগ রয়েছে। অন্যদিকে মেঘনা নদীপথ ব্যবহার করে চট্টগ্রাম সমুদ্রবন্দর, পায়রা ও চাঁদপুরের নদীবন্দরসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে দ্রুত ও সহজ যোগাযোগের সম্ভাবনাও রয়েছে।

১০ বছর আগের প্রস্তাব আলোর মুখ দেখেনি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক দুজন কর্মকর্তা জানিয়েছেন, ২০১৬ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী, উত্তর চররমনী ও চর আলী হাসান এলাকায় প্রায় ১,৩০০ একর জমি চিহ্নিত করে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল।

ওই বছরের ১৩ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের একটি চিঠিতেও মজুচৌধুরীরহাটসংলগ্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। সেখানে চট্টগ্রাম সমুদ্রবন্দর, পায়রা ও চাঁদপুরের সঙ্গে সড়ক ও নৌপথের যোগাযোগ এবং স্থানীয় শ্রমবাজারকে সম্ভাবনার গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরা হয়েছিল।

কিন্তু লক্ষ্মীপুরের তৎকালীণ স্থানীয় জনপ্রতিনিধিদের তৎপরতা না থাকায় ওই উদ্যোগের পর আর দৃশ্যমান অগ্রগতি হয়নি। পরবর্তী সময়ে জমির মালিকানা ও প্রস্তাবের বাস্তবায়নযোগ্যতা নিয়ে জটিলতাও তৈরি হয়।

কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা

এবার আগের স্থান পরিবর্তন হলেও একই ইউনিয়নে নতুন করে প্রায় ৮০০ একর জমি নিয়ে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ সেই পুরোনো প্রস্তাবকে নতুন মাত্রা দেখা  দিয়েছে। এবার বিষয়টি আলোর মুখ দেখতে পারে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় ভাবে জানা গেছে, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব এবং  পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গত এপ্রিল মাসে একই এলাকা পরিদর্শনে গিয়ে জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট এলাকায় একটি কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা করছে সরকার।

তিনি তখন বলেন, মজুচৌধুরীরহাট ও মতিরহাট সড়কের যোগাযোগ উন্নত হলে লক্ষ্মীপুর বরিশাল, ভোলা, চাঁদপুর, নোয়াখালী ও কুমিল্লার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্রে পরিণত হতে পারে। কৃষি ও শিল্পভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে স্থানীয় কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত যুবায়ের বলেন, কৃষি ও জেলে ভিত্তিক অর্থনীতির জেলায়  প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে লক্ষ্মীপুরের অর্থনীতিতে কৃষির পাশাপাশি শিল্পের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।  প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে কৃষি ও মৎস্যসম্পদভিত্তিক শিল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এর মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, খাদ্যশিল্প, কোল্ড স্টোরেজ, প্যাকেজিং, মৎস্য প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানিমুখী শিল্পের সুযোগ রয়েছে। পাশাপাশি নদীপথকে কেন্দ্র করে গুদামজাতকরণ, লজিস্টিকস ও পরিবহনসেবারও বিকাশ ঘটতে পারে। ছাত্র নেতা যুবায়ের আরো জানায়, পানিসম্পদ মন্ত্রী এবার খুব আগ্রহী হয়ে এ বিষয়টি দেখা শোনা করছেন। 

পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও পিছিয়ে লক্ষ্মীপুর

দক্ষিণ-পূর্বাঞ্চলে অর্থনৈতিক অঞ্চলভিত্তিক বিনিয়োগ কাঠামো গড়ে উঠলেও লক্ষ্মীপুর এখনো এ ধরনের কোনো অনুমোদিত অর্থনৈতিক অঞ্চলের তালিকায় নেই।

সরকারি টাস্কফোর্সের ২০২৫ সালের প্রতিবেদনে দেশে ৯৭টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৬৮টি সরকারি ও ২৯টি বেসরকারি। তবে অনুমোদিত সব অর্থনৈতিক অঞ্চল এখনো চালু হয়নি; বিভিন্ন অঞ্চলে ভূমি, সম্ভাব্যতা যাচাই, অবকাঠামো ও পরিবেশগত অনুমোদনের কাজ চলমান রয়েছে।

লক্ষ্মীপুরের পার্শ্ববর্তী নোয়াখালী, চাঁদপুর ও ভোলায় অর্থনৈতিক অঞ্চলভিত্তিক উদ্যোগ থাকলেও লক্ষ্মীপুর এখনো এই কাঠামোর বাইরে।

অর্থনীতিবিদ ও স্থানীয় উদ্যোক্তাদের মতে, লক্ষ্মীপুরের কৃষি, মৎস্য ও উপকূলীয় অর্থনীতির সঙ্গে শিল্পায়ন যুক্ত করা গেলে জেলার অর্থনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে।

অর্থনৈতিক অঞ্চল বনাম  ইপিজেড

চট্টগ্রামের মীরসরাই, সীতাকুণ্ড এবং ফেনীর সোনাগাজী এলাকায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল National Special Economic Zone (NSEZ)। যার প্রায় ২৫ কিলোমিটার উপকূলরেখা রয়েছে।

নোয়াখালী জেলার সাবেক একজন কর্মকর্তা মামুনুর রশিদ জানান, সে রূপ রেখায় দেশের পশ্চিমাঞ্চলে পণ্য পরিবহনে লক্ষ্মীপুর আগে থেকেই পরিকল্পনায় ছিল। কারণ লক্ষ্মীপুর জেলাজুড়েও রয়েছে বিশাল উপকূল রেখা। প্রস্তাবিত লক্ষ্মীপুর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে  লক্ষ্মীপুরের স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য এর প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে।

অন্যদিকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল দুটিই শিল্প ও বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যবহৃত হলেও তাদের কাঠামো মূলত এক নয়।

বেজা  অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও উন্নয়ন করে। এসব অঞ্চলে রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারের জন্য পণ্য উৎপাদনকারী শিল্প গড়ে তোলে।

অন্যদিকে বেপজা পরিচালিত ইপিজেড রপ্তানিমুখী শিল্পের জন্য বিশেষায়িত শিল্পাঞ্চল। বাংলাদেশে বর্তমানে বেপজা ৮টি ইপিজেড এবং একটি বেপজা অর্থনৈতিক অঞ্চল পরিচালনা করছে। সর্বশেষ জুন ২০২৬ তথ্য অনুযায়ী এসব প্রতিষ্ঠানে প্রায় ৬লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।

এবার কি বাস্তবায়নের পথে যাবে?

লক্ষ্মীপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ এক দশক ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনায় থাকলেও এবার প্রথমবারের মতো নতুন প্রস্তাবিত ৮শ একর খাস জমির স্থানটি সরেজমিনে পরিদর্শন করে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাইকা ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিদের পরিদর্শনের ফলে উদ্যোগটি এখন স্থানীয় দাবি বা রাজনৈতিক ঘোষণার পর্যায় ছাড়িয়ে প্রাতিষ্ঠানিক মূল্যায়নের পর্যায়ে পৌঁছেছে।

সবকিছু অনুকূলে থাকলে মেঘনার তীরে প্রস্তাবিত এই অর্থনৈতিক অঞ্চল লক্ষ্মীপুরের কৃষি ও মৎস্যনির্ভর অর্থনীতিকে শিল্প, বাণিজ্য ও রপ্তানির সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।

এখন প্রশ্ন এক দশক ধরে ঘুরতে থাকা প্রস্তাবটি এবার বাস্তবায়নের পথে যাবে, নাকি সম্ভাব্যতা যাচাইয়ের পর আবারও থেমে যাবে?

 

Authors

অর্থনীতি | জীবনযাপন আরও সংবাদ

ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ: সংসদের হুইপ

জনগুরুত্বপূর্ণ সড়কের জোয়ারে সেতু বিলিন, পরে কাঠের সেতু নির্মাণ; এখন সেটাও অচল

লক্ষ্মীপুরের শারমিনের হাতের সয়াফুড যেভাবে এখন রাজধানীর অভিজাত দোকানে

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ?

লক্ষ্মীপুরে পানকে ঘিরে ১০০ কোটি টাকার অর্থনীতি

লক্ষ্মীপুরে ৫ হাজার “মানতা”উপজাতির জীবন

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com