লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক-এর দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীর তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রবের নেতৃত্বে পুলিশের একটি দল হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় ছাকিম হোসেন ওরফে সাকিবের (৪০) ঘরে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাকিম হোসেন পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার বসতঘর তল্লাশি করে স্টিলের সিন্দুকের ওপর রাখা একটি ট্রেগার সংযুক্ত বিদেশি সচল পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি বিভিন্ন ধরনের চাকু (ছুরি), গাজা খাওয়ার পাইপসহ স্টিলের হুক্কা, ১৬টি গ্যাস লাইট ও একটি টেবিল ক্লথ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ বলছে, পলাতক সাকিব চিহ্নিত অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রব জানায়, অভিযুক্ত ছাকিম হোসেনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে (The Arms Act, 1878) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের রেকর্ডপত্র ও সিডিএমএস (CDMS) তথ্য অনুযায়ী, পলাতক আসামি ছাকিম হোসেনের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন থানায় অন্তত ছয়টি মাদক মামলা রয়েছে।



0Share