“তরুণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নাজমুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান বলেন, জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে হলে পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের সচেতন করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে উপপরিচালক নাজমুল হাসান বলেন, পরিবার পরিকল্পনা বিভাগ শুধু জন্মনিয়ন্ত্রণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; বরং নিরাপদ মাতৃত্ব, প্রজনন স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি ভবিষ্যতেও এ কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগে জেলা পর্যায়ে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ কর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।



0Share