লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চর আলগী ইউনিয়নের চর টবগী এলাকার জহির নেতার ঘাট সংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করে। এরআগে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ওই পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
স্থানীয়রা ও নৌ-পুলিশ জানান, মৃতদেহটি অর্ধগলিত ও বস্ত্রহীন অবস্থায় চিৎ হয়ে পড়ে ছিল। জোয়ারের পানির স্রোতে মৃতদেহটি ভেসে এসে ওই স্থানে আটকা পড়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মৃতদেহটি কেউ শনাক্ত করতে পারেনি।
এ বিষয়ে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মেঘনা নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশের গায়ে কোন কাপড় পরিহিত ছিল না, অনুমানিক বয়স ৩৫ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ে কোন আঘাতে চিহ্ন নেই। লাশটি মায়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে।



0Share