সব কিছু
লক্ষ্মীপুর , ,
‘আকভান’-এর টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে স্থবিরতা, ফসল ও পরিবহন খাতে বড় ধাক্কার শঙ্কা - Lakshmipur24

‘আকভান’-এর টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে স্থবিরতা, ফসল ও পরিবহন খাতে বড় ধাক্কার শঙ্কা

‘আকভান’-এর টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে স্থবিরতা, ফসল ও পরিবহন খাতে বড় ধাক্কার শঙ্কা

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বৃষ্টি থেমে থেমে কখনও হালকা আবার কখনও ভারী বর্ষণের রূপ নিয়ে জনজীবন ও অর্থনীতিকে এলোমেলো করে দিয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনভর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। বাতাসের চাপ খুব একটা না বাড়লেও জোয়ারের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূল ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে।

টানা বর্ষণে সবচেয়ে বেশি দুর্দিন নেমে এসেছে পরিবহন খাত ও শ্রমজীবী মানুষের জীবনে। জেলা শহর ও বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে যাত্রী সংকটে পড়েছেন আন্তঃজেলা বাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটো ও ভ্যানচালকরা। বৈরী আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের না হওয়ায় অনেক গাড়ির চালক ও শ্রমিক সারাদিন অপেক্ষা করেও কাঙ্ক্ষিত আয় করতে পারছেন না।

লক্ষ্মীপুর-ঢাকা ও আঞ্চলিক রুটের কয়েকজন বাসচালক জানান, বৃষ্টি ও কাদামাটির কারণে মহাসড়ক ও সংযোগ সড়কগুলোতে চলাচলে সতর্ক থাকতে হচ্ছে, তার ওপর যাত্রীর সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে এসেছে। ফলে নিজেদের আয় বাদ দিয়ে গাড়ির খরচ তুলতেই এখন হিমশিম খাচ্ছেন তারা।

সিএনজি ও অটোরিকশা চালকরা জানান, বৃষ্টির মধ্যে যাত্রী কম থাকায় জ্বালানি ও গাড়ির ভাড়া তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।

লক্ষ্মীপুরের সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি এই ছয়টি উপজেলার গ্রামীণ জনপদে বৃষ্টির প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর, মান্দারী ও উত্তর জয়পুরের গ্রামীণ পথগুলো কর্দমাক্ত হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় হাঁটার মতো অবস্থাও নেই বলে জানান স্থানীয়রা।

চন্দ্রগঞ্জ ও সদরের শ্রমজীবী মানুষেরা জানান, মাঠে বা নির্মাণকাজে যেতে না পারায় দিনমজুর ও রাজমিস্ত্রিদের পরিবারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। একইভাবে রায়পুর ও রামগঞ্জের গ্রামীণ বাজার ও সংযোগ সড়কেও লোকজনের যাতায়াত কমে গেছে।

উপকূলীয় এলাকা কমলনগর ও রামগতির চিত্র আরও নাজুক। মেঘনা তীরবর্তী চরলরেন্স, রামগতির বিভিন্ন চর ও নিচু জনপদে জোয়ারের পানি বাড়ায় ও বৃষ্টির কারণে চলাচলের রাস্তা পিচ্ছিল ও জলাবদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, আবহাওয়া এমন থাকলে উপকূলের চরাঞ্চলের মানুষের দৈনন্দিন চলাচল ও পণ্য পরিবহন আরও কঠিন হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পড়েছেন ভোগান্তিতে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও অধিকাংশ বিদ্যালয় ও কলেজে আসন্ন পরীক্ষার প্রস্তুতি চলছে। বৃষ্টি উপেক্ষা করে পড়াশোনার কাজে বের হওয়া শিক্ষার্থীরা ভিজে ও কাদাপানি মাড়িয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

এদিকে কৃষকদের কপালে দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ। জেলার বিভিন্ন মাঠে এখন আমন ধান পাকতে শুরু করেছে এবং বেশ কিছু এলাকায় ধান কাটা ও মাড়াই চলছে। গত কয়েকদিনের বৃষ্টিতে ক্ষেতে পানি জমে যাওয়ায় ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে। পাশাপাশি শীতকালীন সবজির আবাদ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর ও রামগঞ্জের সবজি চাষিরা জানান, নিচু জমিতে দীর্ঘক্ষণ পানি জমে থাকলে চারা ও ফসল নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তবে যেসব জমিতে পানি জমেছে, সেসব ক্ষেত থেকে পাম্প মেশিন দিয়ে পানি সেচে বের করার চেষ্টা করছেন অনেক কৃষক। দ্রুত বৃষ্টি থেমে গেলে ক্ষতির মাত্রা কম থাকবে বলে আশা করছেন তারা।

শহরের বাণিজ্যিক কেন্দ্রগুলোতেও স্থবিরতা নেমে এসেছে। লক্ষ্মীপুর পৌর শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে, আর খোলা দোকানগুলোতে ক্রেতার দেখা নেই বললেই চলে। শহরের মুক্তিযোদ্ধা মার্কেট, চকমসজিদ মার্কেটসহ প্রধান বিপণিবিতানগুলোতে ব্যবসায়ীরা অলস সময় পার করছেন।

চকমসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে গ্রামীণ এলাকা থেকে ক্রেতা আসতে না পারায় বেচাকেনা প্রায় স্থবির। মুক্তিযোদ্ধা মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ী ও ফুটপাতের খুচরা বিক্রেতারাও মালামাল নষ্ট হওয়া ও লোকসানের শঙ্কায় রয়েছেন।

এদিকে পৌরবাসীর ক্ষোভ জলাবদ্ধতা নিয়ে। সামান্য বৃষ্টিতেই প্রথম শ্রেণিভুক্ত লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় পানি জমে যায়। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে ড্রেনেজ নির্মাণ এবং খালগুলো দখল ও ময়লা-আবর্জনা জমে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। বারবার পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করেও স্থায়ী সমাধান না পাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন পৌরবাসী।

লক্ষ্মীপুরের উপকূলীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা সৌরভ হোসেন জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি হচ্ছে। আগামী দুই দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং এরপর আবহাওয়ার উন্নতি ঘটবে। বৃষ্টি শেষে শীতের তীব্রতা বাড়ার আভাসও দেন তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জহির উদ্দিন জানান, আমন ধান কাটা শুরু হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে পুরোদমে কাটা ও মাড়াই চলবে। গত তিনদিনের বৃষ্টিতে ধান কাটায় কিছুটা বিঘ্ন ঘটলেও জেলায় প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে আবাদ হওয়া শীতকালীন সবজি ও আমনের ক্ষতির আশঙ্কা এখনই চূড়ান্ত নয়। বৃষ্টি দ্রুত বন্ধ হলে বড় ধরনের ক্ষতি হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা আরও সংবাদ

দুই যুগ ধরে বেহাল চন্দ্রগঞ্জের বশিকপুরের ৩ সংযোগ সড়ক: সংস্কারে নেই কোনো উদ্যোগ

প্রতিকূলতা জয় করে “পোষাক ঘর’’ এ ময়নার এগিয়ে চলা

বাল্যবিবাহ ও স্বাস্থ্য ঝুঁকিতে যাযাবর কিশোরীরা, বদলায়নি জীবনযাত্রা, প্রয়োজন পুনর্বাসন

১১তম ইউপি নির্বাচন: ৪ ধাপে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরের ৬ উপজেলার ৪৯টি ইউনিয়নের নির্বাচন

রামগতিতে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৪ জেলেকে জরিমানা

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম শুরু

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com