নিজস্ব প্রতিনিধি: যত ধরনের অপকর্ম, নারীঘটিত, সামাজিক অবক্ষয়- জামায়াত-শিবিরের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, জনগণের ম্যান্ডেটে আমি নির্বাচিত হয়েছি। তবে এখনো এরা (জামায়াত) বেহেস্তের টিকিট দিতে বাড়িতে বাড়িতে ঘুরে। এটা নাকি আল্লাহর দল, তাদের কাছে বেহেস্তের টিকিট আছে, আর কারো কাছে নেই। আপনারা ফেজবুক এবং মোবাইলে দেখেন না- জামায়াতের এ লোক, শিবিরের এ লোক নারীঘটিত অপকর্মে জড়িয়ে পড়েছে। মোবাইল খুললেই দেখবেন এটা আছে।
বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারডনেস এন্ড রেসপন্স প্রজেক্ট বি-স্ট্রং (বাপাউবো অংশ) এর আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ও লাহারকান্দি ইউনিয়নে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভবানীগঞ্জের পিয়ারাপুর শহীদ মাজহারুল মনি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সাতক্ষীরার এক মাওলানা ধরা খেয়েছে। শুধু ধরা খায়নি, আগের স্ত্রীকে বলছে আমি একে বিয়ে করেছি। এখন বিয়ে করার পর ওই ঘরের মধ্যে আগুন লেগেছে। যদিও জামায়াত থেকে তাকে বহিষ্কার করেছে, মনের থেকে বহিষ্কার করেনি। কিন্তু এমন একটি অপরাধ করেছে, ওই অল্পবয়স্ক মহিলা শেষ পর্যন্ত ফাঁসি দিয়ে মরতে হয়েছে। এ হলো বর্তমান বাংলাদেশের বিরোধীদলের কর্মকাণ্ড। খোঁজ নিয়ে দেখবেন যত ধরনের অপকর্ম, নারীঘটিত বলেন, সামাজিক অবক্ষয় বলেন, তাদের মধ্যে আছে।
তিনি আরও বলেন, আরেকটা জিনিস, ছয়-সাত মাস হয়েছে। তারেক জিয়ার নেতৃত্বে আপনাদের একটি সরকার হলো। আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন তারা উপস্থিত ছিলো না। মতের অমিল থাকতে পারে, ভিন্ন কথা থাকতে পারে, আলোচনা হতে পারে। কিন্তু ওনারা ওই ফ্যাসিস্ট কায়দায় ফ্যাসিস্টের সাথে যেভাবে ৮৬ সালে ৯৬ সালে সখ্যতা গড়ে তুলছেন এখন আগামী ৫ বছর আমাদের আর শান্তিতে থাকতে দিবেন না। এটা তাদের মনের কথা। প্রথম দিন থেকে এখন পর্যন্ত বুঝতেছি, মনের কথা কত খারাপ। উপরে দিয়ে এতো সুন্দর কথা বলে, পার্লামেন্টে গিয়ে এতো সুন্দর সুন্দর কথা বলে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ওনাদের কথায় গলে গিয়ে অনেক সময় বরাদ্দ বাড়িয়ে দেন। বাহিরে গিয়ে ৭১’র রুপ ধারণ করে। বাহিরে গিয়ে এরা আমাদের বিরুদ্ধে এমন ভাষা, যেটা অসভ্য ভাষা, সভ্য ভাষা নয়, অশালীন, শিষ্টাচার বহির্ভূত। যে সমাজে আমার-আপনার পরিবারের মধ্যে আলোচনায় করি না, যায় না।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, যারা ৫ তারিখে পালিয়ে গেছে, তারা ওই পাড়ে বসে তাদের কাজ, তাদের গাড়িতে আগুন, তাদের নেতৃত্বে ককটেল মারা, তাদের নেতৃত্বে ঝটিকা মিছিল করা, আর বর্তমান বিরোধী দলের অপকর্ম, কথাবার্তা, কর্মকান্ডের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তাদেরকে স্মরণ করে দিচ্ছি, এটা জিয়ার দল, এটা খালেদা জিয়ার দল, আন্দোলন করতে করতে এখানে এসেছি, রাজপথ থেকে আমরা উঠে এসেছি, রাজপথে আমরা ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করেছি। আগামি দিনেক এই অপশক্তিকে আমরা মোকাবেলা করবো রাজপথে।
মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরের রহমতখালী ও ওয়াপদ খাল থেকে মানুষের বসতবাড়ি, কৃষিজমি রক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।জিও-সিমেন্টের মাধ্যমে পিয়ারাপুর, মান্দারীর আমিন বাজার ও দিঘলী এলাকায় তিনটি প্যাকেজে তীর সংরক্ষণ কাজ শুরু হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে দিঘলী থেকে শুরু হয়ে মজুচৌধুরীর হাট পর্যন্ত যেসব এলাকায় বেশি ঝুঁকিপূর্ণ, ওইসবস্থানে স্থায়ীভাবে ব্লক দিয়ে তীর সংরক্ষণের কাজ করা হবে। এজন্য তিনশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খাঁন, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি হলেন মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।



0Share