আশরাফুল আলম হান্নান | ইটের প্রয়োজন আছে, কর্মসংস্থানের প্রয়োজন আছে। কিন্তু সেই প্রয়োজন মেটানোর জন্য কৃষিজমি ধ্বংস করতে হবে কেন? মানুষের ফুসফুসে বিষাক্ত ধোঁয়া ঢোকাতে হবে কেন? আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করতে হবে কেন?
দেশে বৈধ ইটভাটা রয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব কংক্রিট ব্লক, ফ্লাই অ্যাশ ব্লকসহ আধুনিক বিকল্প নির্মাণসামগ্রী উৎপাদনের সুযোগ রয়েছে। ইট তৈরির জন্য কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি পুড়িয়ে ফেলতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আধুনিক প্রযুক্তিতে মাটিবিহীন নির্মাণসামগ্রী উৎপাদন সম্ভব।
ইটভাটার শ্রমিকরা বছরে মাত্র ছয় মাস কাজ করেন। তাঁদের প্রায় ৮০ শতাংশই রামগতি-কমলনগরের বাইরের এলাকার মানুষ। তাহলে এই কর্মসংস্থানের কতটুকু সুফল স্থানীয় মানুষ পাচ্ছেন?
অবশ্যই শ্রমিকদের জীবিকা ও পরিবারের বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা চাই, অবৈধ ইটভাটার পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক কারখানা, আধুনিক নির্মাণসামগ্রী উৎপাদন এবং অন্যান্য বিকল্প শিল্প গড়ে উঠুক। বর্তমান শ্রমিকদের দক্ষতা অনুযায়ী এসব শিল্পে কাজের সুযোগ তৈরি করা হোক।
কিন্তু প্রশ্ন হলো, কিছু সংখ্যক লোকের কর্মসংস্থানের নামে একটি পুরো এলাকার ভবিষ্যৎ ধ্বংস করার অধিকার কারও আছে কি?
উন্নয়নের কথা বলা হয়। অথচ আমাদের রাস্তাঘাটের অবস্থা কী? কৃষিজমির অবস্থা কী? মানুষের জীবনমান, পরিবেশ, প্রকৃতি ও জনস্বাস্থ্যের অবস্থা কী? এসব ধ্বংসের চিত্র তো আমাদের চোখের সামনেই। কিছু মানুষের ছয় মাসের কর্মসংস্থানের যুক্তিতে একটি পুরো এলাকার মানুষের জীবন, কৃষি, স্বাস্থ্য ও ভবিষ্যৎ ধ্বংস হতে পারে না।
আমরা সকল প্রকার উন্নয়ন ও কর্মসংস্থানের বিরুদ্ধে নই, আমরা আইন অমান্য করে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে। ইটের বিকল্প আছে, প্রযুক্তির বিকল্প আছে, কর্মসংস্থানের বিকল্প পথও তৈরি করা সম্ভব। কিন্তু একবার কৃষিজমির উর্বরতা নষ্ট হলে, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের যে ক্ষতি হয়, তা সহজে ফিরিয়ে আনা যায় না।
আমরা এমন উন্নয়ন চাই, যেখানে মানুষের কর্মসংস্থানও থাকবে, কৃষিজমিও বাঁচবে, পরিবেশও সুরক্ষিত থাকবে। রামগতি-কমলনগরের সকল অবৈধ ইটভাটা বন্ধ করতে হবে। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সকল অবৈধ ইটভাটা বন্ধ চাই।
সমাজ উন্নয়ন কর্মী



0Share