লক্ষ্মীপুরের রামগতিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রামগতি মাছঘাটে উপজেলা মৎস্য দপ্তর এ সভার আয়োজন করেন।
বড়খেরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক লুৎফুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সৌরভ-উজ-জামান, বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আলী
এসময় আরো উপস্থিত ছিলেন ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির চরগাজী শাখার সভাপতি মাহবুবুর রহমান নয়ন, আড়ৎদার মেহেরাজ উদ্দিন, গণ্যমান্য ব্যক্তি, আড়ৎদার, মৎস্যজীবী, পুলিশ সদস্য, উপজেলা মৎস্য বিভাগের কর্মচারী প্রমুখ।
বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আলী বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ, মা ইলিশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। মা ইলিশ রক্ষার্থে নৌ পুলিশ সার্বক্ষণিক নদীতে থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান প্রযোজ্য হবে।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সৌরভ-উজ-জামান বলেন, জেলেদের সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ সকল ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইলিশ আহরণ, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন নদীতে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত প্রতি জেলেকে ২৫ কেজি হারে খাদ্য সহায়তা দেওয়া হবে।
সভায় মৎস্যজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ সরকার ঘোষিত ৮ অক্টোবর থেকে ২২ দিনের মা-ইলিশ রক্ষার অভিযান সফল করতে সকল মাছ আহরণ ও বিপণন থেকে বিরত থাকতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।
উল্লেখ্য: মা ইলিশ রক্ষায় সারাদেশে ২২ দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা আগামী ০৮ অক্টোবর মধ্য রাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। এ ২২ দিন সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় ইলিশ আহরণ, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।



0Share