লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. আলাউদ্দিনের হৃদ্যন্ত্রের রক্তনালিতে ব্লক ধরা পড়ার পর স্টেন্ট স্থাপন করা হয়েছে। তিনি বর্তমানে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর এনজিওগ্রাম করেন। এতে হৃদ্যন্ত্রের রক্তনালিতে ব্লক শনাক্ত হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে স্টেন্ট স্থাপন করা হয়। চিকিৎসক ডা. জাফরিন জাহানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
আলাউদ্দিন দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় সাংবাদিকতা করছেন। স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি তিনি চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
অসুস্থতার খবর জানার পর সহকর্মী, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন।
এক বিবৃতিতে আলাউদ্দিন তাঁর চিকিৎসার খোঁজ নেওয়া ও সুস্থতা কামনায় দোয়া করা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, চিকিৎসকদের প্রচেষ্টায় তাঁর হৃদ্যন্ত্রে স্টেন্ট স্থাপন করা হয়েছে। সুস্থ হয়ে আবার সাংবাদিকতা ও সামাজিক দায়িত্বে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহকর্মীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।



0Share