লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় ব্রিকফিল্ডের মাটি ব্যবসা, চাঁদা দাবি, পাল্টাপাল্টি মামলা এবং মাটি ব্যবসায়ী খোরশেদ আলম (৫০) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক এখনো বিরাজ করছে। গত ২৮ অক্টোবর ২০২৬ দুপুরে মান্দারী বাড়ির সামনে খোরশেদ আলমকে গুলি করে হত্যার ঘটনার পর নিহতের পরিবারের বক্তব্য, মৃত্যুর আগে হত্যাকারী সনাক্ত, ঘটনাস্থলে অন্যদের উপস্থিতি, মামলার এজাহারে থাকা আসামিদের তালিকা এবং নিরপরাধ ব্যক্তিদের আটকের অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন ও জটিলতা তৈরি হয়েছে।
নিহত খোরশেদ আলমের পরিবারের দাবি, মৃত্যুর আগে খোরশেদ দুইজন ঘাতকের নাম হিসেবে ওয়ালিদ ও সাগরের নাম বলে গেছেন। ঘটনার সময় মোরশেদ ও মজিদ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান বলে স্বজনদের অভিযোগ। পরবর্তীতে পরিবার জানতে পারে যে ঘটনার সময় ঘটনাস্থলে সোহাগও উপস্থিত ছিলেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, পুলিশকে এসব তথ্য জানানো হলেও হত্যা মামলার এজাহারে অন্যদের নাম কীভাবে যুক্ত হলো তা তারা জানেন না। অথচ যাঁরা খোরশেদকে ডেকে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, মামলাটিতে তাঁরা আসামি বা সাক্ষী—কোনোটিতেই নেই।
নিহতের স্ত্রী মুকুল আক্তার জানান, খোরশেদের সাথে একাধিক ব্যক্তির বিরোধ থাকায় হত্যাকাণ্ডের পর শোক ও আবেগে তিনি সবার নাম নিয়েই কেঁদেছিলেন ও দোষারোপ করেছিলেন; তবে তাঁর স্পষ্ট দাবি, প্রকৃত হত্যাকারীরা যেন কোনোভাবেই পার না পায় এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন এতে সাজা না পান।
ব্রিকফিল্ডের মাটি পরিবহন ও চাঁদা দাবি কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকেই ধারাবাহিক সহিংসতার সূত্রপাত বলে অভিযোগ রয়েছে। ‘মেসার্স রেদোয়ান ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি’র ব্রিকফিল্ডের মাটি বহনকারী প্রতিটি গাড়ি থেকে ২০০ টাকা করে চাঁদা দাবির বিরোধে ব্রিকফিল্ড মালিক রেদোয়ান হোসেন হিরুর ওপর কয়েক দফায় হামলার ঘটনা ঘটে। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকালে দিলশাদপুরের বক্স আলী পোলের ওপর মাটি বহনকারী গাড়ি আটকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার চেষ্টা ও মারধরের অভিযোগ ওঠে। পরদিন সংবাদ সম্মেলন করার জেরে ৩ মার্চ ২০২৬ দুপুরে চালক ও শ্রমিকদের আটকে রেখে ব্রিকফিল্ড চালাতে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরপর ৪ মার্চ ২০২৬ রাতে সশস্ত্র অবস্থায় সাক্ষীদের বাড়িতে ঢুকে চাপাতির কোপে সাক্ষী সাইফুলকে গুরুতর জখম করা হয় এবং মান্নানের বসতঘরে গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। এসব ঘটনায় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, সদর, লক্ষ্মীপুরে সিপনসহ ১৪ জনের নাম উল্লেখ করে সিআর মামলা (মামলা নং- ৩৪৯/২০২৬) দায়ের করা হয়।
ব্রিকফিল্ডের মামলায় সাক্ষ্য দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সাক্ষীদের ওপরও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। গত ১৭ এপ্রিল ২০২৬ সকালে ও দুপুরে পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামে মাটির ব্যবসায়ী ও মামলার সাক্ষী জহির উদ্দিনকে বাড়িতে ঢুকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। একই দিন রাতে দিলশাদপুর পুলের গোড়ায় তাঁকে একা পেয়ে লোহার রড ও টর্চলাইট দিয়ে পিটিয়ে জখম এবং টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জহির বাদী হয়ে মোরশেদসহ ৭ জনের নাম উল্লেখ করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা (মামলা নং- ৩৫, তাং- ১৭/০৪/২০২৬) দায়ের করেন।
চলমান এসব বিরোধ ও মামলার মধ্যেই গত ২৮ অক্টোবর ২০২৬ দুপুরে মান্দারী বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান মাটি ব্যবসায়ী খোরশেদ আলম। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ওয়ালিদসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা (মামলা নং- ৮৯/৬৩০, তাং- ২৮/১০/২০২৬) দায়ের করেন।
নিহতের স্ত্রী মুকুল আক্তার ও মেয়ে জানান, ঘটনার দিন দুপুরে মোরশেদ ও মজিদ খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান এবং কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে তাঁরা গিয়ে ওয়ালিদকে গুলি চালিয়ে পালিয়ে যেতে দেখেন। পরিবারের দাবি, খোরশেদ মৃত্যুর আগে ওয়ালিদ ও সাগরের নাম বলে যান এবং পরে তারা জানতে পারেন ঘটনাস্থলে সোহাগও ছিলেন। তবে ডেকে নেওয়ার ঘটনায় মোরশেদ ও মজিদের নাম থাকলেও তাঁরা এজাহারে আসামি বা সাক্ষী হিসেবে নেই, আর এজাহারে আসা অন্য আসামিদের বিষয়ে তারা অবগত নন।
এদিকে হত্যাকাণ্ডের পর নিরপরাধ ব্যক্তিদের আটকের অভিযোগও তুলেছেন স্বজন ও স্থানীয়রা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে বক্সারপোল এলাকায় এক মানববন্ধনে নিহত খোরশেদের স্ত্রী নিজেই হিরুর ভাই মাসুদ এবং জহিরের ভাই ছুট্টুকে নিরপরাধ দাবি করেন।
মামলায় অভিযুক্ত ব্রিকফিল্ড মালিক মো. রেদোয়ান হোসেন হিরু দাবি করেছেন, তিনি যাতে এলাকায় ব্যবসা পরিচালনা করতে না পারেন এবং তাঁর দায়ের করা মামলাগুলোর অগ্রগতি বাধাগ্রস্ত হয়, সেজন্যই তৃতীয় একটি পক্ষের ইন্ধনে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে মাসুদের বাবা তোফায়েল আহমেদ ও ছুট্টুর ভাই ইসমাইল হোসেন গ্রেফতার দুই ব্যক্তিকে নিরপরাধ দাবি করে তাদের মুক্তি ও প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি করেন।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, পর পর সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ ও গভীর তদন্ত হলে নেপথ্যের ইন্ধনদাতা, প্রকৃত অপরাধী এবং এজাহার ও আটকের অসঙ্গতির রহস্য উন্মোচিত হবে। একইসঙ্গে আটক নিরপরাধ ব্যক্তিদের মুক্তি, নির্দোষদের সুরক্ষা এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিনই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।



0Share