দেশের স্বাস্থ্যসেবা উন্নত বিশ্বের রোল মডেলের দিকে ধাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক (এমআইএস) ডা. হারুন অর রশীদ। তিনি বলেন, ‘গতানুগতিক ডেথ সার্টিফিকেট থেকে আমরা তথ্যবহুল ডেথ সার্টিফিকেট বাধ্যমূলক করার লক্ষ্যে কাজ করছি। যেন স্বাস্থ্য সেক্টরে পলিসি গ্রহণে সুবিধা হয়। ইতোমধ্যে ঢাকার কয়েকটি বড় হাসাপাতাল ও গাজীপুর আমাদের পাইলট প্রকল্প বাস্তবায়িত হয়েছে।’ শনিবার (২৯ সেপ্টেম্বর) ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ৬ দিনব্যাপী ‘মেডিক্যাল সার্টিফিকেট অব কজেস অব ডেথ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. হারুন অর রশীদ বলেন, ‘আধুনিক বিশ্বের প্রতিটি দেশে কতজন লোক বছরে কী কারণে মারা যান, তার পরিসংখ্যান থাকে। কিন্তু আমাদের দেশে তা নেই। দেশের সঠিক জনসংখ্যা মৃত্যুর কারণ ও ধরন জানা না থাকলে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়। তথ্যের অভাবে আমরা প্রয়োজনী পদক্ষেপ নিতে পারি না।’

হাসপাতালটির উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুকুল ইসলাম বলেন, ‘মৃত ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা থাকলে আমাদের গবেষণায় কাজে লাগে। আমরা উন্নত দেশের দিকে তাকালে দেখতে পাবো, তারা তথ্য বহুল ডেথ সার্টিফিকেট দেয়। যা আর্কাইভে সংরক্ষিত থাকে। যার ফলে যে কেউ চাইলেই দেশের মানুষের মৃত্যুর কারণ ও ধরন সম্পর্কে জানতে পারবে ও পলিসি গ্রহণ করতে পারে।’
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের উপ-পরিচালক আব্দুল মালেক মৃধা।
প্রশিক্ষণের প্রথম দিনে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের ২৫ জন বিভাগের চিকিৎসক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।



0Share