নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর: বিরোধী দলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা করে সুপারিশ দেওয়ার জন্য সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে সংসদে ফ্লোর নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, গতকালের আলোচনায় সবাই একমত হন যে জ্বালানি নিয়ে সমস্যা একটি বৈশ্বিক সমস্যা। বিরোধীদলীয় নেতা প্রস্তাব করেছিলেন, তাঁদের কিছু পরামর্শ আছে। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে।
এ সময় সংসদ নেতা বিএনপির পক্ষ থেকে কমিটির পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করেন। তাঁরা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান (মানিকগঞ্জ–২) ও মিয়া নুরুদ্দিন অপু (শরীয়তপুর–৩)।
অন্যদিকে বিরোধী দলীয় সদস্যরা হলেন, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো সাইফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনের এমপি মো নুরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের এমপি মো আবদুল বাতেন, কুমিল্লা-৪ আসনের এমপি মো আবদুল হাসনাত এবং সিলেট-৫ আসনের এমিপি মো আবুল হাসান।



0Share