নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় অনুমোদনহীন ও অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং নতুন করে অবৈধ ইটভাটা স্থাপন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের আদেশে সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চ এ আদেশ দেন। রিট পিটিশন নম্বর ১৬৪৫/২০২৬ এর আলোকে আদালত এ আদেশ দেন। বৃহস্পতিবার ( ১ অক্টোবর) রিটকারী ও আইনজীবি এ তথ্য নিশ্চিত করেন।
রিটটি দায়ের করেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা মো. আশরাফুল আলম হান্নান। সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে করা আবেদনে তিনি রামগতি ও কমলনগর উপজেলার সব অননুমোদিত ও অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়েছেন।
আবেদনে তিনি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংশ্লিষ্ট বিধান লঙ্ঘন করে যাতে নতুন কোনো ইটভাটা স্থাপনের অনুমতি না দেওয়া হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়েছেন।
রিটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম অঞ্চলের পরিবেশ অধিদপ্তরের পরিচালক, লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, রামগতি ও কমলনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ মোট ১৫ জনকে বিবাদী করা হয়েছে।
রিটকারীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজসহ অন্যান্য আইন কর্মকর্তাগণ।



0Share