ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সাড়া এবং গাড়ির বাজারে বাড়তি আগ্রহের কারণে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘সুপার সেল কার বাজার’-এর সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি শুক্রবারের এ আয়োজন চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে শুরু হওয়া এ কার বাজারের পঞ্চম সপ্তাহের আয়োজন বসে গতকাল শুক্রবার। এবার নতুন সংযোজন হিসেবে এশিয়ান ইমপোর্ট’সের আমদানি করা নতুন গাড়ি যুক্ত হয়েছে। পাশাপাশি রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি নিয়েও ক্রেতাদের আগ্রহ দেখা গেছে।
আয়োজকরা জানান, একই স্থানে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি দেখা এবং কেনাবেচার সুযোগ থাকায় আয়োজনটি ক্রেতা-বিক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। বাড়তি সাড়ার কারণে বাজারের সময় সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।
বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি সারি করে রাখা হয়েছে। পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার পরিকল্পনা থেকে অনেক ব্যক্তিগত গাড়ির মালিকও তাঁদের ব্যবহৃত গাড়ি বাজারে এনেছেন।
মাত্র ১২৭টি গাড়ি নিয়ে যাত্রা শুরু করা এ বাজারে পঞ্চম সপ্তাহে গাড়ির সংখ্যা বেড়ে প্রায় ৩৬০টিতে দাঁড়িয়েছে। এবারের আয়োজনে গাড়ির দাম ৬ লাখ ৫০ হাজার টাকা থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা পর্যন্ত। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন অফারও দিচ্ছেন বিক্রেতারা।
এশিয়ান ইমপোর্ট’সের কর্মকর্তারা জানান, ক্রেতাদের চাহিদা বিবেচনায় এবার নতুন ইভি কার যুক্ত করা হয়েছে। জাপানি ও চায়নিজ—দুই ধরনের ইভি কারের পাশাপাশি রিকন্ডিশন্ড গাড়িও পাওয়া যাচ্ছে।
আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বলেন, গত চার সপ্তাহের সফল আয়োজনের পর পঞ্চম সপ্তাহে ক্রেতা-বিক্রেতাদের আরও বেশি সাড়া পাওয়া যাচ্ছে। গতকাল মেলায় ৩৫০টিরও বেশি গাড়ি এসেছে। উপস্থিতি ও আগ্রহ বাড়ায় সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।
এক ছাদের নিচে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি দেখার পাশাপাশি সরাসরি কেনাবেচার সুযোগ থাকায় ‘সুপার সেল কার বাজার’ ধীরে ধীরে বড় পরিসরের গাড়ি কেনাবেচার আয়োজনে পরিণত হচ্ছে।



0Share