সব কিছু
লক্ষ্মীপুর , ,
বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন - Lakshmipur24

বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন

বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার। গত এক দশকে মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন, যাতায়াতের সুযোগ সম্প্রসারণ এবং আয়ের সুযোগ তৈরিতে ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে সোমবার রাজধানীতে ‘ফিউচার অব মোবিলিটি ইন বাংলাদেশ: দ্য নেক্সট ১০ ইয়ার্স’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে উবার। এতে নীতিনির্ধারক, পরিবহন খাতের অংশীজন ও বিশেষজ্ঞরা অংশ নেন।

১০ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিবার উবার’ থিমে একটি কমিউনিটি দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি। ঐতিহ্যবাহী পটচিত্রের মাধ্যমে আরও বাসযোগ্য ঢাকার স্বপ্ন তুলে ধরা হয় এ উদ্যোগে। মিরপুর-১০-এর সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরজুড়ে আঁকা হয় সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই শহরের নানা চিত্র। শিল্পী টাইগার নাজিরের নেতৃত্বে এ আয়োজনে অংশ নেন তরুণ শিল্পী, স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। ঐতিহ্যবাহী পটচিত্র সংরক্ষণের পাশাপাশি নগরকে আরও সুন্দর করে গড়ে তুলতে নাগরিকদের অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরা হয় এ উদ্যোগে।

২০১৬ সালের নভেম্বরে ঢাকায় কার্যক্রম শুরুর পর থেকে বাংলাদেশে ২১ কোটি ২৬ লাখ ট্রিপ সম্পন্ন করেছে উবার। এ সময়ে অতিক্রম করা হয়েছে ১৮৩ কোটির বেশি কিলোমিটার পথ এবং সেবা পেয়েছেন ৯০ লাখ ৪০ হাজার যাত্রী। ঢাকায় যাত্রা শুরু করলেও বর্তমানে চট্টগ্রাম ও সিলেটেও সেবা সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। ফলে দেশের মোট তিনটি শহরে কার্যক্রম পরিচালনা করছে উবার।

গত এক দশকে যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য বিভিন্ন ধরনের সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে কার, বাইক ও সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত, আন্তশহর ভ্রমণ, গাড়ি ভাড়া এবং পার্সেল ডেলিভারি। মানুষের পরিবর্তিত যাতায়াতের চাহিদা বিবেচনায় এসব সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আয়ের সুযোগ তৈরি হয়েছে ৪ লাখ ৭০ হাজার মানুষের

বাংলাদেশে উবারের কার্যক্রম সম্প্রসারণে চালক অংশীদারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মের মাধ্যমে আয় করেছেন ৪ লাখ ৭০ হাজার মানুষ। গত এক দশকে দেশের ডিজিটাল যাতায়াতব্যবস্থার বিকাশের পাশাপাশি প্ল্যাটফর্মনির্ভর অর্থনীতিতে মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি করেছে উবার।

উবার বাংলাদেশের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। তিনি বলেন, “নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক যাতায়াত নিশ্চিত করতে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের বিকল্প হিসেবে এটি মানুষের দৈনন্দিন চলাচলকে আরও সহজ ও সুবিধাজনক করেছে। গত ১০ বছরে চালক ও যাত্রীদের মধ্যে আস্থা তৈরি এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে উবারের উদ্যোগ প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও যাত্রীদের নিরাপত্তা ও সেবার মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়েবিষয়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। তিনি বলেন, “মানুষের নিরাপত্তা, সময় ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াতব্যবস্থা সরাসরি জড়িত। প্রযুক্তির মাধ্যমে যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করতে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে যাত্রীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে গত ১০ বছর ধরে উবার যে দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিয়ে আসছে, তা প্রশংসনীয়। আশা করি, মানুষের যাতায়াতের সময় ও ভোগান্তি কমানোর পাশাপাশি বাংলাদেশের পরিবহনব্যবস্থার আধুনিকায়নেও উবার আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদযাপনের বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি হেড এস এম জামশেদ হাসান বলেন, “গত ১০ বছরে বাংলাদেশের মানুষের যাতায়াতের ক্ষেত্রে উবার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিভিন্ন জনগোষ্ঠীকে সংযুক্ত করা, যাতায়াতের সুযোগ সম্প্রসারণ এবং মানুষের জন্য নমনীয় আয়ের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পেরে আমরা গর্বিত। আগামী দশকেও মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও নির্ভরযোগ্য করার পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন সুযোগ তৈরিতে গুরুত্ব দেব। বাংলাদেশের পরিবর্তিত যাতায়াতের চাহিদা পূরণে অংশীদার ও সংশ্লিষ্ট সবার সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী।”

নিরাপদ যাতায়াতে গুরুত্ব

উবারের সেবায় নিরাপত্তাকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়। এ লক্ষ্যে প্ল্যাটফর্মটিতে চালকের প্রয়োজনীয় নথি যাচাই, ‘ভেরিফাই মাই রাইড’, ট্রিপ ইনস্যুরেন্স, ‘শেয়ার মাই ট্রিপ’, ‘রাইডচেক’, যাত্রা শেষে অভিযোগ জানানোর ব্যবস্থা এবং নিরাপত্তা হটলাইনের মতো বিভিন্ন সুবিধা রয়েছে। মোটরসাইকেল যাত্রীদের জন্য রয়েছে ‘মটো সেফটি চেকলিস্ট’। পাশাপাশি হেলমেট বিতরণসহ সড়ক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন উদ্যোগেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে ‘মুভিং বাংলাদেশ ফরোয়ার্ড: মোবিলিটি অ্যান্ড লাইভলিহুডস ইন দ্য নেক্সট ডিকেড’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এবং ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট সার্ভিসেস বিভাগের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক। আলোচনা সঞ্চালনা করেন বেঞ্চমার্ক পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কায়সার।

আলোচনায় আগামী দশকে বাংলাদেশের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নগর চলাচল এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের জীবিকার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

উবার কি: 

উবারের লক্ষ্য হলো চলাচলের মাধ্যমে সুযোগ সৃষ্টি করা। ২০১০ সালে আমরা একটি সহজ সমস্যা সমাধানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম: কীভাবে একটি বাটনের স্পর্শে গাড়ি পাওয়া যায়? বিশ্বজুড়ে ৮ হাজার ৩০০ কোটির বেশি ট্রিপ সম্পন্ন করার পরও মানুষকে সহজে গন্তব্যে পৌঁছে দিতে নতুন নতুন সেবা নিয়ে কাজ করছে উবার। শহরে মানুষ, খাবার ও পণ্য পরিবহনের পদ্ধতিতে পরিবর্তন এনে উবার নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করছে। ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে উবারের মাধ্যমে ২১ কোটি ২৬ লাখ ট্রিপ সম্পন্ন হয়েছে। এসব ট্রিপে ১৮৩ কোটি কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন ৯০ লাখ ৪০ হাজার যাত্রী। পাশাপাশি উবার প্ল্যাটফর্মের মাধ্যমে ৪ লাখ ৭০ হাজারের বেশি মানুষের আয়ের সুযোগ তৈরি হয়েছে।

প্রতিবেদক

বাংলাদেশনিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলার আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে সভা

মানবিক কাজের স্বীকৃতি পেল ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’

আইসিসিবিতে দেশীয় ফার্নিচার কোম্পানিগুলোর পণ্যের প্রদর্শনী

নোয়াখালীতে সাংবাদিককে মারধর; হত্যার হুমকি

নিজ দল থেকেই শুদ্ধি অভিযান, নতুন রাজনীতির পথে তারেক রহমান

ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com