প্রেস বিজ্ঞপ্তি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ‘সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় রাজমুকুট কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাও. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি গাজী মাজেদুর রহমান শফিকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আ হ ম মুস্তাকুর রহমান। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন চ্যানেল টোয়েন্টিফোরের বিজনেস রিপোর্টার দেলাওয়ার হোসাইন দোলন।
এ ছাড়া বিভিন্ন সেশন পরিচালনা করেন স্টার নিউজের নোয়াখালী প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া রাহাত এবং সময় টিভির নোয়াখালী স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। কর্মশালায় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের তরুণ ও কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
প্রশিক্ষণ সেশনে মাল্টিমিডিয়া ও ডিজিটাল সাংবাদিকতা, মোবাইল জার্নালিজম (মোজো), ফ্যাক্টচেকিং ও ফেক নিউজ শনাক্তকরণ, বুনিয়াদি সাংবাদিকতা, অনুসন্ধানী ও ক্রাইম রিপোর্টিং এবং বস্তুনিষ্ঠ স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীদের পরিচিতি ও মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়। পরে প্রশিক্ষণ কার্যক্রম পর্যালোচনা ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়।



0Share